Header Ads

Header ADS

ম্যারাডোনার দলের হারের কারণ গ্রিজমান!



গতকাল রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হয়েছে কোপা লিবার্তোদোরেসের ফাইনালের দ্বিতীয় লেগ। বোকা জুনিয়র্সকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে রিভার প্লেট। ম্যাচটা মাঠে বসে দেখেছেন অনেক তারকা, ছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের বিশ্বকাপজয়ী ফরাসি স্ট্রাইকার আঁতোয়ান গ্রিজমানও। গ্যালারিতে গ্রিজমান বসে ছিলেন বোকা জুনিয়র্সের জার্সি গায়ে দিয়ে, বোকার জার্সি গায়ে তাদের সমর্থন দিয়ে ইনস্টাগ্রামে পোস্টও করেছেন তিনি। বলা বাহুল্য, ম্যাচশেষে বিরসবদনে বাড়ি ফিরতে হয়েছে তাঁকে!
গ্রিজমানের পছন্দের দল জেতেনি, এমন উদাহরণ এবারই কিন্তু প্রথম নয়। গত বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচে উরুগুয়েকে সমর্থন জানিয়ে টুইট করেছিলেন তিনি। বার্সেলোনার সাবেক তারকা মিডফিল্ডার পাওলিনহোর হ্যাটট্রিকে সেদিন উরুগুয়েকে ৪-১ গোলে হারায় ব্রাজিল। আমেরিকান ফুটবলের সবচেয়ে বড় আসর সুপারবোলের ফাইনালে এবার মুখোমুখি হয়েছিল আটলান্টা ফ্যালকনস ও নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস। গ্রিজমান ভবিষ্যদ্বাণী করেছিলেন, সহজেই ম্যাচটা জিতবে ফ্যালকনস। এই বলে টুইটও করেছিলেন তিনি। কিন্তু দুর্দান্তভাবে ফিরে এসে প্যাট্রিয়টসরা সেই ফাইনাল জিতে নেয়। আবারও খালি হাতে ফিরতে হয় গ্রিজমানকে।
আমেরিকার বাস্কেটবল লিগ এনবিএ’র ফাইনালে ক্লিভল্যান্ড ক্যাভেলিয়র্সের মুখোমুখি হয়েছিল গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স। ওয়ারিয়র্সকে সমর্থন জানিয়ে টুইট করা গ্রিজমান প্রত্যক্ষ করেন দলের হার। নিজেদের ইতিহাসের প্রথমবারের মতো এনবিএ শিরোপা জিতে নেয় ক্যাভেলিয়র্স! এভাবে চলতে থাকলে ক্রীড়াবিশ্বের দলগুলো পিটিশন শুরু করতে পারে, গ্রিজমান যাতে তাদের সমর্থন না জানান, সে জন্য!
খেলোয়াড় হিসেবেও কম ‘অপয়া’ ছিলেন না গ্রিজমান। রিয়াল মাদ্রিদের বিপক্ষে অ্যাটলেটিকোর খেলোয়াড় হয়ে দুইবার হেরেছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। পর্তুগালের কাছে হেরে হারিয়েছেন ইউরোর শিরোপাও। তবে এ বছর খেলোয়াড় গ্রিজমান আস্তে আস্তে কাটিয়েছেন ‘অপয়া’ হওয়ার দুর্নাম, ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতার পাশাপাশি অ্যাটলেটিকোর হয়ে জিতেছেন ইউরোপা লিগ। ‘দর্শক’ গ্রিজমান কি খেলোয়াড় গ্রিজমানের মতো দুর্নাম ঘুচাতে পারবেন?


from  প্রথম আলো https://www.prothomalo.com/

No comments

Powered by Blogger.